চারটি দেশে কার্যক্রম বন্ধ করে দিচ্ছে সি লিমিটেডের ই-কমার্স শাখা শপি। প্রতিষ্ঠানটি তার কর্মীদের চিলি, কলম্বিয়া ও মেক্সিকোতে স্থানীয় কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছে। পাশাপাশি আর্জেন্টিনা থেকে পুরোপুরি বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সারির ই-কমার্স প্রতিষ্ঠান শপি। চিলি, কলম্বিয়া ও মেক্সিকোতে স্থানীয় অংশীদারদের মাধ্যমে ব্যবসা চালিয়ে গেলেও আর্জেন্টিনা থেকে সিংহভাগ কর্মীকেই সরিয়ে নেয়া হবে। এতে কিছু কর্মী ছাঁটাইয়েরও মুখোমুখি হবেন। তবে এ সিদ্ধান্তে পার্শ্ববর্তী দেশ ব্রাজিলের ওপর কোনো প্রভাব পড়বে না। ব্রাজিলের বাজারে শপি বেশ প্রভাবশালী হিসেবেই নিজেদের অবস্থান ধরে রেখেছে।
রয়টার্সের হাতে আসা এক ই-মেইলে দেখা যায়, শপির প্রধান নির্বাহী ক্রিস ফেং কর্মীদের উদ্দেশে লিখেছেন, চলমান এ অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রতিষ্ঠানকে মূল কার্যক্রমে মনোনিবেশ করতে হবে।
চিলি, কলম্বিয়া ও মেক্সিকোতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ক্রস-বর্ডার নীতি গ্রহণ করবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে আর্জেন্টিনায় বন্ধ হয়ে যাবে একেবারে।









