সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে না পারা সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো অর্থায়ন সুবিধা পাবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ এন হামিদুল্লাহ সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এ তহবিল গঠন করা হয়েছে। সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন, সেবা ও ব্যবসা কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পরিচালনায় সহায়তা করা এ তহবিলের অন্যতম লক্ষ্য।
পাশাপাশি দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং মন্থর অর্থনীতির গতি বাড়াতেও এ তহবিল ভূমিকা রাখবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তহবিলটির আওতায় সাধারণভাবে সচল কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারছে না এমন সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো অর্থায়ন সুবিধা পাবে। এ সুবিধার আওতায় তারা ৯ শতাংশ সুদে অর্থায়ন নিতে পারবে।
—বিজ্ঞপ্তি










