দেশের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ৪২৪ কলেজ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজ। প্রথম রানার্সআপ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ফারিক হাসান অমিয় নির্বাচিত হয়েছেন সেরা প্রতিযোগী।
গতকাল বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘বিজিএমইএ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০, ২০২৬’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হয় বিআরবি, নেক্সাজেন ও আরএফএলের পৃষ্ঠপোষকতায়। সহ-পৃষ্ঠপোষক ছিল ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ওএমসি। আয়োজনে সহযোগিতা করে বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবাহ উদ্দিন আলী। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর বিজনেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এমএ মজিদ তালুকদার, একই বোর্ডের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এবং সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১ হাজার ৪২৪ শিক্ষার্থী এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় এমসিকিউ পর্বের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এ পর্ব থেকে ৩০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরে বাজার রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। সেখান থেকে চারটি দল অংশ নেয় গ্র্যান্ড ফাইনালে। ফাইনালে অডিও-ভিজ্যুয়াল ও র্যাপিড-ফায়ার পর্বের মধ্য দিয়ে বিজয়ীদের নির্ধারণ করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ আয়োজন ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।










