ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঋণ ২০২৭ সালের মধ্যে ১ লাখ কোটি বা ট্রিলিয়ন ইউরো ছাড়াতে পারে। একই সঙ্গে য়বাজেটের অর্থ ব্যয়ে ত্রুটির হারও বাড়ছে বলে সতর্ক করেছেন জোটটির নিরীক্ষকরা। খবর ইউরো নিউজ।
ইউরোপীয় কোর্ট অব অডিটরসের (ইসিএ) গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সংস্থাটি ইইউর স্বাধীন নিরীক্ষক হিসেবে কাজ করে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ইইউর বাজেটের অর্থ ব্যয়ে ত্রুটির হার ছিল ৩ দশমিক ৬ শতাংশ। গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশে।
ইইউর নিরীক্ষকদের নির্ধারিত ২ শতাংশ সীমার চেয়ে এ হার অনেক বেশি। অর্থাৎ বাজেটের অর্থ ব্যবহারে নিয়মকানুন না মানার ঘটনা বেড়েছে। তবে ব্যয়ে এ ধরনের ত্রুটি মানেই জালিয়াতি নয়। নিরীক্ষকরা আলাদাভাবে জালিয়াতির সন্দেহে ১৭টি ঘটনা জানিয়েছেন ইইউর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
খাতভেদে ব্যয়ের ত্রুটির হারেও পার্থক্য রয়েছে। কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক উন্নয়নে ব্যবহৃত তহবিলে ত্রুটির হার সবচেয়ে বেশি। ২০২৪ সালে এ হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ। গত বছর তা বেড়ে ৬ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। কৃষি ও পরিবেশ খাতেও ব্যয়ের ত্রুটি বেড়েছে। এ খাতে ত্রুটির হার ২ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে।










