আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. হাসানুল এ হাসান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি বোর্ডের ২০২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ড. হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীন এআইইউবির প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
শিক্ষানুরাগী ও ব্যবসায়ী হিসেবেও পরিচিতি ড. হাসানুল এ হাসান। তিনি কেমলুব লিমিটেডের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক। এছাড়াও তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনও একজন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
ইশতিয়াক আবেদীন এআইইউবির ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব দেয়ার পাশাপাশি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।—সংবাদ বিজ্ঞপ্তি










