বিভিন্ন দেশে গমনে ইচ্ছুক কর্মীদের বহির্গমন ছাড়পত্রের জন্য এতদিন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) সরাসরি আবেদন করতে হতো। তবে এখন থেকে অনলাইনেই ঘরে বসে আবেদন প্রক্রিয়ার সব কাজ সম্পন্ন করা যাবে। এর ফলে দালালের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে।
আজ সোমবার (২ জুন) বিকাল ৩টায় বাজেট ঘোষণায় এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সকল কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ৬টি জেলায় বহির্গমন ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে সব জেলা পর্যায়েই এই সুবিধা বিস্তৃত করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী ১ জুলাই থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে বহির্গমন ছাড়পত্রের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। আবেদন করার পর সেটি কোন পর্যায়ে আছে, তা স্টেপ বাই স্টেপ অনলাইনেই দেখা যাবে।















