বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে তেল ও স্বর্ণ আমদানিতে ভিত্তিমূল্য বাড়িয়েছে ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, অপরিশোধিত পাম তেল, সয়া তেল, স্বর্ণ ও রুপা আমদানির ভিত্তিমূল্য বৃদ্ধি করা হয়েছে। খবর রয়টার্স।

ভারতীয় সরকার দুই সপ্তাহ পরপর ভোজ্য তেল, স্বর্ণ ও রুপা আমদানির ভিত্তিমূল্য পরিবর্তন করে। নতুন নির্ধারিত ভিত্তিমূল্য অনুযায়ী আমদানিকারকরা কী পরিমাণে কর প্রদান করবে তা হিসাব করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, নতুন ভিত্তিমূল্যে অপরিশোধিত পাম তেলের মূল্য ধরা হয়েছে প্রতি টন ৯৭৭ ডলার, যা আগে ছিল টনপ্রতি ৯৭১ ডলার। আবার পরিশোধিত পাম তেলের মূল্য আগের তুলনায় টনপ্রতি ২ ডলার বেড়ে বর্তমানে ৯৭৯ ডলার হয়েছে। স্বর্ণের ভিত্তিমূল্য আগের তুলনায় প্রতি ১০ গ্রামে ১৯ ডলার বেড়ে বর্তমানে হয়েছে ৫৮২ ডলার। রুপার দাম বেড়েছে সবচেয়ে বেশি। কেজিপ্রতি ৭২ ডলার বেড়ে বর্তমান ভিত্তিমূল্য দাঁড়িয়েছে ৭৭১ ডলারে।

তবে অপরিশোধিত সয়া তেলের নতুন ভিত্তিমূল্য টনপ্রতি ৮৫ ডলার কমেছে। প্রতি টন অপরিশোধিত সয়া তেলের পুরনো ভিত্তিমূল্য ছিল ১ হাজার ৩৬০ ডলার, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৫ ডলার।

উল্লেখ্য, ভারত বিশ্বের সবচেয়ে বড় ভোজ্যতেল ও রুপা আমদানিকারক দেশ। এছাড়া স্বর্ণ আমদানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা।