২০২০-২১ মৌসুমে জাপানে ভুট্টার চাহিদা ও আমদানি বাড়তে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ মাসভিত্তিক গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। পশুখাদ্য খাতের স্থিতিশীল চাহিদা ও সমজাতীয় খাদ্যপণ্যের তুলনামূলক মূল্যবৃদ্ধি এ সময় দেশটির ভুট্টা চাহিদা বৃদ্ধির পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করতে পারে। খবর ওয়ার্ল্ডগ্রেইডটকম।
জাপান ভুট্টার অন্যতম শীর্ষ ভোক্তা দেশ। তবে অভ্যন্তরীণভাবে খুব একটা উৎপাদন না হওয়ায় দেশটি উল্লেখযোগ্য পরিমাণ ভুট্টা আমদানি করে। কৃষিপণ্যটির আমদানিতে জাপানের অবস্থান বিশ্বে তৃতীয় শীর্ষ।
ইউএসডিএর তথ্য অনুযায়ী, জাপানে প্রতি বছর গড়ে মাত্র দুই হাজার টন ভুট্টা উৎপাদন হয়। ২০২০-২১ মৌসুমে দেশটি সব মিলিয়ে ১ কোটি ৬০ লাখ টন ভুট্টা আমদানি করতে পারে।
জাপান সাধারণত সবচেয়ে বেশি ভুট্টা আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। তবে সাম্প্রতিক সময়ে দেশটি ব্রাজিল থেকে পণ্যটির আমদানি উল্লেখযোগ্যহারে বাড়িয়েছে। ২০১৯ সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটির ভুট্টা আমদানির ৭০ শতাংশ সরবরাহ করেছে ব্রাজিল।








