মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ ডলার মূল্যের উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ জব্দ করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় চিপ পাচারের একটি চক্রের সন্ধানে তদন্ত চলছে। কর্তৃপক্ষের ধারণা, চক্রটি উচ্চ ক্ষমতার সেমিকন্ডাক্টর চিপ মালয়েশিয়ার প্রধান বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে পাচার করছিল। বিমানবন্দরের শুল্ক বিভাগের পরিচালক আসপালিলা আগ তুয়াহ এ তথ্য জানান। খবর রয়টার্স।
এসব চিপ চলতি মাসে জব্দ করা হয়েছে বলে গতকাল জানায় মালয়েশিয়ার শুল্ক কর্তৃপক্ষ। ১৫ অক্টোবর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মুক্ত বাণিজ্য অঞ্চলে তল্লাশি চালিয়ে উন্নত এআই চিপযুক্ত ৩০টি সার্ভার জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালানটি এশিয়ার একটি দেশ থেকে এসেছিল। পরে সেটি এশিয়ারই অন্য একটি দেশে পুনরায় রফতানির পরিকল্পনা ছিল। এ ধরনের পণ্য রফতানির জন্য প্রয়োজনীয় বাণিজ্য অনুমতিপত্র থাকতে হয়। কিন্তু চালানটির ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
আসপালিলা বলেন, ‘সার্ভারগুলোকে “ইলেকট্রনিক যন্ত্রাংশ” হিসেবে দেখানো হয়। এরপর মালয়েশিয়া হয়ে সেগুলো অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এর উদ্দেশ্য ছিল, পরবর্তী গন্তব্যে রফতানির সময় যেন কোনো বিধিনিষেধের মুখে পড়তে না হয়।’
জানা যায়, চালানটি পাঠানোর ব্যবস্থা করেছিল মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান। তদন্তে সহায়তার জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তলব করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
উন্নত এআই চিপের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে চাপ বাড়ার মধ্যে ঘটনাটি সামনে এল। গত বছর যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশটির উন্নত এআই চিপের পরিবহনে রফতানি নিয়ন্ত্রণ আরোপ করে মালয়েশিয়া। চীনে এসব চিপের প্রবেশ সীমিত করতেই এ উদ্যোগ নেয়া হয়। এআই প্রযুক্তির উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি অবকাঠামো গড়ে তোলার জন্য উচ্চক্ষমতার চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এসব চিপের অবৈধ পরিবহন ঠেকাতে বিভিন্ন দেশ নজরদারি জোরদার করছে।










