মন্দা ভাব কাটিয়ে ২০১৮ সালে প্রবৃদ্ধির ধারায় ফিরেছিল মিয়ানমারের ভুট্টা রফতানি খাত। তবে বিদায়ী বছরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যটির রফতানি অপরিবর্তিত রয়েছে। এ সময় ১৪ লাখ টন ভুট্টা রফতানি করেছেন মিয়ানমারের রফতানিকারকরা। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের দশম শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ মিয়ানমারের ইতিহাসে ২০১৬ সালে কৃষিপণ্যটির রফতানির পরিমাণ রেকর্ড সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। ওই বছর দেশটির রফতানিকারকরা সব মিলিয়ে ১৫ লাখ টন ভুট্টা রফতানি করেছিলেন।

তবে পরের বছরই মন্দার মুখে পড়ে মিয়ানমারের ভুট্টা রফতানি। ২০১৭ সালে দেশটির ভুট্টা রফতানি রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ কমে দাঁড়ায় ১৩ লাখ ৫০ হাজার টনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি থেকে ভুট্টা রফতানি কমেছিল ১ লাখ ৫০ হাজার টন। 

২০১৮ সালে প্রবৃদ্ধির ধারায় ফেরে খাতটি। ইউএসডিএর তথ্য অনুযায়ী, ওই বছর মিয়ানমার থেকে মোট ১৪ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি।