রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইউক্রেন থেকে আফ্রিকার উদ্দেশে খাদ্যশস্য বহনকারী প্রথম জাহাজ রওনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ব্রেভ কমান্ডার নামক জাহাজটি আফ্রিকার জন্য মানবিক খাদ্য সহায়তা দিতে পিভডেনি বন্দর ছেড়ে যায়। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

প্রতিবেদন বলা হয়, রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের শস্য রফতানি কমে গেছে। যুদ্ধের ফলে দেশটির কৃষ্ণ সাগরের তীরবর্তী বন্দরগুলো বন্ধ হয়ে যায়। আর এ কারণে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে। খাদ্য ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে।

গত জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ করতে মস্কো এবং কিয়েভের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। আর এর মাধ্যমে গত মাসে কৃষ্ণসাগরের তিনটি বন্দর চালু হয়। ফলে বিশ্বব্যাপী ক্রেতাদের হাজার হাজার টন ইউক্রেনীয় শস্য বিভিন্ন দেশে পাঠানো সম্ভব হয়।

ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় জানায়, ব্রেভ কমান্ডর জাহাজটি ২৩ হাজার টন গম নিয়ে আফ্রিকার দেশ জিবুতির উদ্দেশ্যে ছেড়ে গেছে। পাশাপাশি এটি ইথিওপিয়ার মানুষদের জন্য নির্ধারিত খাদ্যপণ্য সরবরাহ করবে।