চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে উচ্চ শিক্ষায় টেকসই উন্নয়নবিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেম্পোরারি গ্লোবাল পারসপেক্টিভস’ শীর্ষক এ সম্মেলন উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। সংবাদ সম্মেলনে পিসিআইইউর বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ‘উচ্চ শিক্ষা ও গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়া, দেশ-বিদেশের গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার এবং শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততার সুযোগ তৈরি করবে এ আন্তর্জাতিক সম্মেলন।’
তিনি আরো জানান, সম্মেলনের জন্য ৩০১টি সারসংক্ষেপ জমা পড়লেও পর্যালোচনার মাধ্যমে ২৮৫টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া ও ভারতসহ সাত দেশের বিশ্ববিদ্যালয় থেকে ১১টি গবেষণাপত্র এসেছে। বাংলাদেশের ৫৩টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও এতে অংশ নিচ্ছেন। মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও চীনের চারজন গবেষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের দুজন শিক্ষক এতে যুক্ত থাকবেন।










