সৌদি আরবে পর্যটন ও আতিথেয়তা খাতের পরিসর বাড়ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির পর্যটন খাতে লাইসেন্সপ্রাপ্ত আবাসন ও সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১৮ শতাংশ বেড়েছে। একই সময়ে হোটেলে কক্ষ ব্যবহারের হার ও কক্ষ ভাড়ায় কমতি দেখা গেলেও আবাসন সুবিধা বাড়িয়েছে দেশটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (গাস্ট্যাট) প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, জুনে শেষ হওয়া প্রান্তিকে লাইসেন্সপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৮-এ। এক বছর আগে এ সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬।
প্রতিবেদন অনুযায়ী, পর্যটন খাতকে শক্তিশালী করা সৌদি আরবের অর্থনীতি বহুমুখীকরণের পরিকল্পনা ভিশন ২০৩০-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তেলনির্ভর অর্থনীতির বাইরে নতুন আয়ের উৎস তৈরি করতে দেশটি পর্যটন খাতে বড় ধরনের বিনিয়োগ করছে।
এরই মধ্যে পর্যটক আগমনের ক্ষেত্রে আগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে সৌদি আরব। ২০২৩ সালেই সৌদি আরব বছরে ১০ কোটি পর্যটক নেয়ার লক্ষ্য পূরণ করে। এরপর ২০৩০ সালের জন্য পর্যটকের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৫ কোটি করা হয়।
গাস্ট্যাটের তথ্যানুযায়ী, পর্যটন খাতে আবাসন সুবিধাও দ্রুত বাড়ছে। এক বছরের ব্যবধানে লাইসেন্সপ্রাপ্ত হোটেল কক্ষের সংখ্যা ১৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। এছাড়া পর্যটন খাত সম্প্রসারণের সঙ্গে কর্মসংস্থানও বাড়ছে। দেশটিতে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে কর্মসংস্থান বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ।
পর্যটন অবকাঠামো ও আবাসন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের কাছে নিজেদের আরো আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে চাইছে সৌদি আরব। ভিশন ২০৩০-এর আওতায় এ খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে দেশটির।










