শিল্প ও নির্মাণ খাতের ওপর ভর করে চার বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে ভিয়েতনামের অর্থনীতি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশটির জিডিপি বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। গত এপ্রিল-জুন প্রান্তিকে এ প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। শনিবার দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর আনুষ্ঠানিকভাবে এসব তথ্য প্রকাশ করে। খবর নিক্কেই এশিয়া।
ভিয়েতনামের গড় প্রবৃদ্ধি চলতি বছরের প্রথম নয় মাসে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ১ শতাংশে। দেশটির সরকার পুরো বছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১০ শতাংশ। এ লক্ষ্য অর্জন করতে হলে বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রবৃদ্ধি অন্তত ১২ শতাংশে পৌঁছতে হবে।
তবে দেশটির অর্থনীতিবিদ ও কর্মকর্তাদের মতে, বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে পরিবর্তন এবং কাঁচামাল ও জ্বালানির উচ্চমূল্যের কারণে চতুর্থ প্রান্তিকে কাঙ্ক্ষিত গতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ। প্রবৃদ্ধির পাশাপাশি দেশটির বৈদেশিক বাণিজ্যও বেশ চাঙ্গা হয়ে উঠেছে। গত প্রান্তিকে ভিয়েতনামের রফতানি বাবদ আয় ৩০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৬ হাজার ৭৮৫ কোটি ডলারে পৌঁছেছে।
একই সময়ে আমদানি থেকে আয় ৪২ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১৭ হাজার ৩৩ কোটি ডলার।
প্রথম নয় মাসে ভিয়েতনামের সবচেয়ে বড় রফতানি বাজার ছিল যুক্তরাষ্ট্র ও আমদানির প্রধান উৎস ছিল চীন। এদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে মূল্যস্ফীতিও মাথাচাড়া দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক শূন্য ৮ শতাংশে দাঁড়িয়েছে।
অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভিয়েতনাম। গত জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশটি ২ হাজার ১০৭ কোটি ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) পেয়েছে। এটি পাঁচ বছরের মধ্যে প্রথম নয় মাসের হিসাবে সর্বোচ্চ বিনিয়োগ।










