প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে। সোমবার (২ জুন) প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তার বাজেট বক্তৃতা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ ছিল ৪২ হাজার ১৪ কোটি টাকা। পরবর্তীতে সংশোধিত বাজেটে বরাদ্দ দেয়া হয় ৩৯ হাজার ২৩৯ কোটি টাকা।
আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের বাজেট বরাদ্দে সশস্ত্র বাহিনীর জন্য ৪৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে বরাদ্দ দেয়া হয় ৪৩ কোটি টাকা।
সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় এবারের বাজেট ৭ হাজার ১শ কোটি টাকা কম। ২০২৫-২৬ অর্থবছরের এ বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর। এটি স্বাধীন বাংলাদেশের ৫৫তম বাজেট।
সর্বশেষ সংসদের বাইরে বাজেট দেয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। সেদিনও ছিল সোমবার। সে সময় সালেহউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবার তিনি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে নিজের প্রথম বাজেট পেশ করলেন।
বাজেট পেশ করার আগে সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বাজেট অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকটি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়েছে। বৈঠকে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। সেই সঙ্গে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও অর্থবিল অনুমোদন করা হয়।














