ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। জামানতভিত্তিক ও জামানতবিহীন—দুভাবেই পাওয়া যাবে কার্ডটি। দেশী ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা থাকছে এতে। কার্ডটির জন্য ১ অক্টোবর থেকে আবেদন করা যাবে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ঢাকায় সিটি ব্যাংকের হেড অফিসে এক অনুষ্ঠানে নতুন কার্ডটি চালু করা হয়। ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ; আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের সাউথ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটোরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুর এবং সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর কার্ডটি উদ্বোধন করেন।
সিটি ব্যাংক জানিয়েছে, কার্ড সদস্যরা ওয়েলকাম বেনিফিট হিসেবে প্রথম তিন মাসে নির্দিষ্ট খরচের ওপর সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ৫ শতাংশ ক্যাশব্যাক অথবা ৫ হাজার টাকা মূল্যের ট্রাভেল লাগেজ ভাউচার বেছে নিতে পারবেন। ভ্রমণের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সর্বোচ্চ দুজন সঙ্গীসহ বিনামূল্যে প্রবেশের সুবিধা পাবেন। এছাড়া নির্বাচিত বিমানবন্দরের প্রায়োরিটি পাস লাউঞ্জে বছরে ১২টি ফ্রি ভিজিটের সুযোগ থাকছে। আন্তর্জাতিক এটিএম লেনদেনে নগদ অর্থ উত্তোলন ফিও থাকছে না।
অনুষ্ঠানে হোসেন খালেদ বলেন, ‘গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে সহায়ক ও সুচিন্তিত আর্থিক সেবা নিশ্চিতে আমরা সর্বদা সচেষ্ট। আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড আন্তর্জাতিক ব্যবহার, স্বাচ্ছন্দ্য, জীবনধারা ও ভ্রমণসুবিধার সমন্বয়ে এ প্রতিশ্রুতির প্রতিফলন।’
প্রাইমারি কার্ড সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি ভিজিটে সর্বোচ্চ দুজন অতিথিসহ সৌজন্যমূলক ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা পাবেন।
আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশের অভ্যন্তরে হোটেল বুকিংয়ে সাশ্রয়ের পাশাপাশি গো-জায়ানের মাধ্যমে আন্তর্জাতিক টিকিট কেনায় বিশেষ ভ্রমণ বীমা ও লাগেজ সুবিধাও থাকবে।
কার্ড সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ ডলার খরচে তিনটি মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট অর্জন করবেন। এসব পয়েন্ট দিয়ে গিফট ভাউচার, বার্ষিক ফি মওকুফ কিংবা পয়েন্টসহ কেনাকাটার সুবিধা নেয়া যাবে। নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনে সপ্তাহান্তে একটি কিনলে একটি ফ্রি বুফে ডাইনিং সুবিধাসহ আমেরিকান এক্সপ্রেসের বিভিন্ন ডাইনিং, কেনাকাটা, লাইফস্টাইল ও ভ্রমণ অফারও থাকছে।










