হাঙ্গেরিতে ৭৩০ কোটি ইউরো (৭৬০ কোটি ডলার) মূল্যের একটি ব্যাটারি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সিএটিএল। বৈশ্বিক গাড়ি নির্মাতা সংস্থার চাহিদা মেটাতে এ উদ্যোগ নিয়েছে চীনের বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানটি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পূর্ব হাঙ্গেরির ডেবরেসেন শহরে ঘণ্টাপ্রতি ১০০ গিগাওয়াট সক্ষমতার একটি ব্যাটারি কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সিএটিএল। অনুমোদন সাপেক্ষে এ বছরই ব্যাটারি উৎপাদন কারখানাটি তৈরির কাজ শুরু হবে। কারখানাটি নির্মাণ করতে ৬৪ মাসের বেশি সময় লাগবে না।
পরিকল্পনামাফিক হলে এটি হবে ইউরোপের বৃহত্তম ব্যাটারি উৎপাদন কারখানা। মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, স্টেলান্টিস ও ফক্সওয়াগনসহ গাড়ি নির্মাতাদের ব্যাটারি ওই কারখানায় তৈরি হবে। জলবায়ু পরিবর্তন রোধে গাড়ি নির্মাতারা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাণের দিকে ঝুঁকছে।









