আবারো নিজেদের গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়েছে লুসিড গ্রুপ। কারণ হিসেবে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি সরবরাহ ব্যবস্থায় জটিলতা ও লজিস্টিকস প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে ৩৭ হাজারের বেশি এয়ার লাক্সারি সেডানের আগাম ক্রয়াদেশ রয়েছে। মে মাসে এ সংখ্যা ছিল ৩০ হাজারের বেশি। কিন্তু চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটি মাত্র ৬৭৯টি গাড়ি সরবরাহ করতে পেরেছে।
ফেব্রুয়ারিতে সংস্থাটি জানায়, চলতি বছরে ১২-১৪ হাজারের মতো গাড়ি তৈরির প্রত্যাশা করা হচ্ছে। যদিও মূল পূর্বাভাসে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার। তবে দ্বিতীয়বারের মতো পুরো বছরের গাড়ি সরবরাহের লক্ষ্যমাত্রা কাটছাঁট করেছে সংস্থাটি। এখন বলা হচ্ছে, ২০২২ সালে লুসিড ছয়-সাত হাজার যানবাহন সরবরাহ করবে। পাশাপাশি নেতৃত্বে আসছে নতুন জ্যেষ্ঠ নির্বাহী।
এপ্রিল-জুনে লুসিড ৯ কোটি ৭৩ লাখ ডলার আয় করেছে। এ সময়ে সংস্থাটি শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩৩ সেন্টে।









