উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করছে চীনের অটোমেকার বিওয়াইডি। সম্প্রতি এ তথ্য জানিয়েছে কোম্পানিটির মেক্সিকো অফিস। যুক্তরাষ্ট্রে একটি রফতানি হাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিওয়াইডি এমন উদ্যোগ নিয়েছে। খবর রয়টার্স।

স্বল্পমূল্যের গাড়িসহ আরো বৈচিত্র্যময় কিছু লাইনআপের জন্য পরিচিত বিওয়াইডি। সাম্প্রতিক বিক্রিতে কোম্পানিটি তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে। ফলে বিক্রির ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষ ইভি নির্মাতা হয়ে উঠতে নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে চীনা কোম্পানিটি।

প্রতিবেদন অনুসারে, বিওয়াইডি তাদের পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু করেছে। মেক্সিকান কারখানার জন্য একটি সম্ভাব্যতা যাচাই পরীক্ষা শুরু করেছে। পাশাপাশি কারখানার অবস্থানসহ অন্যান্য শর্ত নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে।

বিওয়াইডির বিক্রি এখনো চীনে কেন্দ্রীভূত রয়েছে। বিদ্যমান পরিকল্পনার অংশ হিসেবে নিজেদের গাড়ি বিক্রি বিশ্বব্যাপী প্রসারিত করতে চায় কোম্পানিটি। ফলে চীন থেকে রফতানি সম্প্রসারণের পাশাপাশি বিদেশের মাটিতেও নতুন নতুন কারখানা স্থাপন করতে চায় বিওয়াইডি।

মেক্সিকো গাড়ি শিল্পের বড় বাজার। বিশ্বের অনেক শীর্ষস্থানীয় বিনিয়োগকারী সেখানে রয়েছেন। এছাড়া মার্কিন শিল্পের সঙ্গেও দৃঢভাবে জড়িত মেক্সিকান বাজার।

বিওয়াইডির মেক্সিকো কান্ট্রি ম্যানেজার ঝোও ঝো বলেন, ‘‌বিদেশে উৎপাদন কেন্দ্র থাকা একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য অপরিহার্য বিষয়।’ যদিও এ বিষয়ে বিস্তারিত জানতে ইভি নির্মাতাদের মেক্সিকো অফিসে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি।

টেসলার মতো প্রধান মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানিগুলো সতর্ক করে বলেছে, চীনা গাড়িগুলো তাদের নিজস্ব সম্ভাবনার জন্য ধ্বংসাত্মক কাজ করতে যাচ্ছে।

গত মাসে টেসলার প্রধান নির্বাহী ভবিষ্যদ্বাণী করেছিলেন, চীনা গাড়ি নির্মাতারা বাণিজ্য বাধা ছাড়াই বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করবে। মাস্কের দৃষ্টিভঙ্গি একটি নেতৃস্থানীয় পরামর্শক সংস্থার মধ্য থেকেও প্রতিধ্বনিত হয়।

অ্যালায়েন্স ফর আমেরিকান ম্যানুফ্যাকচারিং গ্রুপের একটি প্রতিবেদন অনুসারে, সস্তা চীনা গাড়ির উত্থানের কারণ হলো এগুলো চীন সরকারের ক্ষমতা ও তহবিল সমর্থিত। যুক্তরাষ্ট্রের বাজারে নিজের গাড়ি খাতের জন্য এটি একটি ধ্বংসাত্মক পর্যায়ের হতে পারে।

বিওয়াইডি লাতিন আমেরিকায় উত্তর-পূর্ব ব্রাজিলে একটি নতুন শিল্প কমপ্লেক্সে ৩০০ কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করছে। ২০২১ সালে বন্ধ হওয়া ফোর্ড কারখানার মালিকানায় থাকা জমিতে তিনটি কারখানা কমপ্লেক্স উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে তৈরি করা হবে।