সম্প্রতি চট্টগ্রামে পৃথক ঘটনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুইটি স্ক্র্যাপ হিসেবে ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এরই মধ্যে জাহাজ দুটি সীতাকুন্ডে জিরি সুবেদার শিপ রিসাইক্লিন ইন্ডাস্ট্রিজকে বুঝিয়ে দেয়া হয়েছে। গত ৫ মার্চ দায়িত্বভার নিয়ে জাহাজ দুটি বিচিং করেছে প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকালে বিএসসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এসব তথ্য জানান।
তিনি বলেন, বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় আনা হয়েছিল। জাহাজ দুটি এ পর্যন্ত ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছে। এর মধ্যে জ্যোতি আয় করেছে ৮০৫ কোটি টাকা, আর সৌরভ আয় করেছে ৭৩১ কোটি টাকা। এ ধরনের জাহাজ ২৫ থেকে ২৬ বছরের বেশি চালানো যায় না। এরপরও মেইনটেইনেন্সের মাধ্যমে আমরা দীর্ঘদিন চালিয়েছি। এখন আর রিইউজ করার সুযোগ নেই।
জাহাজ দুইটির নিলামের জন্য গত ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিএসসি। সর্বোচ্চ দরদাতা মাস্টার অ্যান্ড ব্রাদার্স ৪০ কোটি ৪৪ লাখ টাকা ও দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা জিরি সুবেদার ৩৬ কোটি ৬৯ লাখ টাকার প্রস্তাব দেয়। তাদের মধ্যে করসহ জিরি সুবেদার দিচ্ছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা।















