মঙ্গোলিয়ার প্রধান রফতানি পণ্য কয়লা। দেশটি চীনের বাজারে সবচেয়ে বেশি কয়লা রফতানি করে। তবে নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে স্থল সীমান্ত বন্ধ থাকায় গত মার্চে চীনের বাজারে মঙ্গোলিয়ার কয়লা রফতানি ব্যাহত হয়েছে। এর পরও গত মাসে চীনের বাজারে প্রায় ৯০ হাজার টন কয়লা রফতানি করেছে দেশটি। মঙ্গোলিয়ান কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের (এমসিজিএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত ফেব্রুয়ারিতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় মঙ্গোলিয়া। ফলে বন্ধ হয়ে যায় দুই দেশের কয়লা বাণিজ্য। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় মার্চের মাঝামাঝি ফের সীমান্ত খুলে দেয়া হয়। এরপর চীনের বাজারে প্রায় ৯০ হাজার টন কয়লা রফতানি করেছে মঙ্গোলিয়ার রফতানিকারকরা।
মঙ্গোলিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আরো চারটি সীমান্ত চেকপোস্ট খুলে দেয়ার চিন্তাভাবনা করছি। ফলে আগামী দিনগুলোতে দুই দেশের কয়লা বাণিজ্য আরো বাড়তে পারে।









