সৌদি আরবের সঙ্গে বিদ্যমান মূল্যযুদ্ধের মধ্যেও চলতি মাসের শুরু থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমিয়ে এনেছে রাশিয়া। এ সময় দেশটির নিজস্ব কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের মাসের গড়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কমানো হয়েছে। দেশটির খাতসংশ্লিষ্টের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

চলতি বছরের মার্চে রাশিয়ার নিজস্ব কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১২ লাখ ৯০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। চলতি মাসের শুরু থেকে গতকাল পর্যন্ত দেশটিতে প্রতিদিন গড়ে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের মাসের গড়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। অর্থাৎ, চলতি মাসে এখন পর্যন্ত রাশিয়ায় মার্চের গড়ের তুলনায় দৈনিক ৪০ হাজার ব্যারেল কম জ্বালানি তেল উত্তোলন হয়েছে।

এমন একসময় এ তথ্য প্রকাশিত হলো, যখন মূল্যযুদ্ধ নিরসনে ওপেক-নন ওপেক দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসতে রাজি হয়েছে ক্রেমলিন। এ বৈঠক থেকে জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন কমানোর চূড়ান্ত চুক্তির ঘোষণা আসতে পারে।