আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতনের লাগাম টানতে ওপেক-নন ওপেক দেশগুলোর সম্মিলিত উত্তোলন হ্রাস পর্যাপ্ত নয়, বরং আরো কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। এমনটাই মনে করছে ওপেকের সদস্য দেশ অ্যাঙ্গোলা। দেশটির প্রাকৃতিক সম্পদ ও পেট্রোলিয়ামবিষয়ক মন্ত্রী দিয়ামান্তিনো আজেভেদো এ মন্তব্য করেছেন। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা না থাকলে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন না কমানোর কোনো বিকল্প নেই। এটা সবাই বোঝে। তার পরও এ কারণে জ্বালানি পণ্যটির রেকর্ড দরপতন ঘটেছে, এটা অযৌক্তিক।
বাজার ভারসাম্য ফেরানোর বিষয়ে তিনি বলেন, এখন জ্বালানি তেলের বাজার ভারসাম্য ফেরাতে ওপেক-নন ওপেক দেশগুলোর সম্মিলিত উত্তোলন হ্রাস করলেই হবে না। বরং আরো কার্যকর উদ্যোগ নেয়ার সময় এসেছে। করোনাপরবর্তী সময়ে কীভাবে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা বাড়ানো যায়, তা এখন থেকেই ভাবতে হবে। তা নাহলে অপরিশোধিত জ্বালানি তেলের কাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধি কঠিন হয়ে পড়বে।









