যশোরের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলে গতকাল বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় ব্যাংকার ও উদ্যোক্তা সমাবেশ হয়েছে। সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ বিনিয়োগ বিতরণের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান সঞ্জীব কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকার ও উদ্যোক্তা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক আবু সাঈদ মো. আরিফ-উল-ইসলাম, সোনালী ব্যাংক যশোর সাউথ জোন অফিসের ডিজিএম মোস্তাফিজুর রহমান ও যশোর বিসিকের ডিজিএম গোলাম হাফিজ।

এতে বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মো. শাকিল আলম, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক আনিছুর রহমান প্রমুখ।

উদ্যোক্তা সমাবেশে ৯৮ জন নারী ব্যবসায়ী অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গিতা মজুমদার নামে এক নারী উদ্যোক্তা বলেন, ‘‌এনজিওগুলো মাত্র সাত দিনে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। সেখানে ব্যাংকে গেলে তিন মাসেও ঋণ পাওয়া যায় না। এজন্য ব্যাংকগুলোকে নারী উদ্যোক্তাদের বিকশিত করার জন্য ঋণ সহজীকরণ করতে হবে।’