সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের শীর্ষ জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরো জোরদার করেছে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি (ভূতপূর্ব নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)। এ লক্ষ্যে স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডির সঙ্গে নতুন একটি চুক্তি করেছে নেভিয়ান।
সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তির আওতায় বাংলাদেশে স্যান্ডোজের বিভিন্ন ওষুধ আমদানি ও বিপণন করবে নেভিয়ান। এর মধ্যে বিশেষ প্রযুক্তিতে প্রস্তুতকৃত কিছু জটিল জেনেরিক ওষুধও অন্তর্ভুক্ত থাকবে।
মধ্য ইউরোপের স্লোভেনিয়ায় অবস্থিত স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডি সুইজারল্যান্ডভিত্তিক স্যান্ডোজ এজির আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে কাজ করে।
বিশ্বব্যাপী ২০০ বছরেরও অধিক সময়ের ঐতিহ্য নিয়ে ১৯৭৩ সালে বাংলাদেশে যাত্রা করে সুইজারল্যান্ডের সিবা-গেইগি। আরেক বহুজাতিক স্যান্ডোজের সঙ্গে বিশ্বব্যাপী একীভূতকরণের পর ১৯৯৬ সালে এটি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড নামে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসা কোম্পানিটির সিংহভাগ শেয়ার ২০২৫ সালে অধিগ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ নির্মাতা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। শেয়ার হাত বদলের পর নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে রাখা হয় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি।
নতুন পরিচয়ে নেভিয়ান টঙ্গীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়ন জিএমপি সনদপ্রাপ্ত ফ্যাক্টরি থেকে একাধিক লাইসেন্সিং ব্যবস্থার আওতায় নোভার্টিস ও স্যান্ডোজের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাতকরণ অব্যাহত রেখেছে।— সংবাদ বিজ্ঞপ্তি










