চট্টগ্রামে ক্যামব্রিজ ও এডএক্সেল শিক্ষাক্রমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। বিশেষ অতিথি ছিলেন আইইউবির স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. কে আয়াজ রাব্বানী, আইইউবির রেজিস্ট্রার আসিফ পারভেজ, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান এবং চট্টগ্রামের প্রথম এভারেস্টজয়ী বাবর আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির ভর্তি, আর্থিক সহায়তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক লিমা চৌধুরী, উপপরিচালক প্রিয়াঙ্কা দে, আউটরিচ কর্মকর্তা মো. ফুয়াদ হোসেন এবং হুইজ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুল। স্বাগত বক্তব্য দেন হুইজ কমিউনিকেশন্সের পরিচালক (প্রশাসন ও পরিকল্পনা) কাজী আরফাত।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চট্টগ্রামের সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরে প্রিয়াঙ্কা বড়ুয়ার পরিচালনায় নৃত্যরূপের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হন।

পরে অতিথিরা একে একে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সম্মাননা প্রদানের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। জাদুশিল্পী রাজীব বসাকের জাদু প্রদর্শন এবং সংগীতশিল্পী শান্তনু দত্তের গান অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল অনুষ্ঠান ও বিপণন পরামর্শক প্রতিষ্ঠান হুইজ কমিউনিকেশন্স।

—বিজ্ঞপ্তি