বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে যে বাণিজ্য ভারসাম্যহীনতা আছে, তা ঠিক করা দরকার বলে মনে করেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, এই ভারসাম্য আনা আমাদের অর্থনৈতিক সম্পর্ক এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২৯ এপ্রিল) কটন ইউএসএ’র সাসটেইনেবল সোর্সিং শীর্ষক সেমিনারে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। তবে ভবিষ্যতে এটি বিশ্বের সর্ববৃহৎ তুলা আমদানিকারক দেশ হবে বলে অনুমান করা হচ্ছে, যা বাংলাদেশে আমেরিকান তুলা আমদানি বাড়ানোর বিশাল সুযোগ সৃষ্টি করেছে।

আমেরিকান তুলার ব্যবহার বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ দিক আছে উল্লেখ করে ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, আমি জেনেছি, আমেরিকান তুলা বিশ্বের সেরা মানের তুলা। আমি আরো জেনেছি, আমেরিকান তুলার উৎপাদন পদ্ধতি অত্যন্ত স্বচ্ছ ও টেকসই—যেমন কিছু বক্তা ব্যাখ্যা করেছেন। আমরা জানি, এখনকার বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো টেকসই হতে চাওয়াসহ সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা চাচ্ছে। কারণ তাদের গ্রাহকরাও তা চাইছেন। তারা শুধু ভালো মান ও স্টাইলই চান না, তারা নিশ্চিত হতে চান, যে সরবরাহ শৃঙ্খল তারা সমর্থন করছেন, তা নৈতিক এবং নির্ভরযোগ্য হোক। এই দিক থেকে আমেরিকান তুলা অন্য যেকোনো দেশের তুলার চেয়ে এগিয়ে।

তিনি আরো বলেন, আমি সম্প্রতি একটি স্পিনিং কারখানা পরিদর্শন করেছি, যারা শতভাগ আমেরিকান তুলা ব্যবহার করে। কারণ এটি ব্যবহারে সহজ, গুণগতভাবে ধারাবাহিক, নির্ভরযোগ্য এবং সময় মতো সরবরাহযোগ্য। আরেকটি বড় সুবিধা হলো ‘কটন কাউন্সিল’। এই স্পিনিং কারখানা কটন কাউন্সিল থেকে কারিগরি সহায়তা ও পরামর্শ পাচ্ছে, যা বাংলাদেশের যেকোনো প্রস্তুতকারকও পেতে পারে।

ট্রেসি অ্যান জ্যাকবসনের বিশ্বাস, বিশ্বের আর কোনো দেশ এই তিনটি জিনিস একসঙ্গে দিতে পারে না। এগুলো হলো সেরা গুণমানের পণ্য, সেরা টেকসই ও ট্রেসেবিলিটি এবং কটন কাউন্সিল থেকে সরাসরি কারিগরি সহায়তা।

তিনি বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি আরো অনেক প্রতিষ্ঠানে যাওয়ার অপেক্ষায় আছি। আপনাদের থেকে শিখতে চাই এবং দেখতে চাই কীভাবে আমেরিকান তুলা ও বাংলাদেশের উৎপাদনমুখী শিল্প একসঙ্গে কাজ করে উভয় দেশের অর্থনীতিকে, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে এবং ভোক্তাদের উপকারে নিয়ে আসে। কারণ দিনশেষে, আমেরিকান তুলা ও বাংলাদেশের উৎপাদনমুখী শিল্প একসঙ্গে কাজ করার জন্য এক নিখুঁত সমন্বয়।