উচ্চ শিক্ষায় মেধাবীদের সহায়তার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ৯০ শিক্ষার্থীকে যৌথভাবে বৃত্তি দিয়েছে ঢাবির মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এমএএ) ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এ উপলক্ষে গতকাল ‘এক দশকের যৌথ পথচলা’ প্রতিপাদ্যে ঢাবির নওয়াব নবাব আলী সিনেট ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নির্বাচিতদের কাছে ‘এমজিআই–এমএএ স্কলারশিপ’ শীর্ষক এ বৃত্তির প্রতীকী চেক হস্তান্তর করা হয়। এমজিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন এমজিআইয়ের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর উচ্চ শিক্ষার পথ যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা সম্মিলিত দায়িত্ব। এমজিআই-এমএএ স্কলারশিপ কর্মসূচি মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে সহায়তার পাশাপাশি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে করপোরেট ও অ্যালামনাই অংশীদারত্বের একটি প্রশংসনীয় উদ্যোগ।’
ঢাবির উপাচার্য ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ তাদের একাডেমিক অগ্রযাত্রার পাশাপাশি আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাই ও করপোরেট প্রতিষ্ঠানের কার্যকর সম্পৃক্ততারও এটি একটি দৃষ্টান্ত।
এমজিআইয়ের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ‘শিক্ষায় বিনিয়োগ মানে শুধু একজন শিক্ষার্থীর বর্তমানকে সহায়তা করা নয়; পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যতের ওপর বিনিয়োগ। এমজিআই-এমএএ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের স্বপ্ন এগিয়ে নেয়ার আত্মবিশ্বাস দেয়ার লক্ষ্য রয়েছে।’ শিক্ষা ও তরুণদের ক্ষমতায়নে এমজিআই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম; উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী; মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক এবং এমএএর সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসান ও সহসভাপতি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে এমজিআইয়ের সিএমও কাজী মো. মহিউদ্দিনের পরিচালনায় ‘বিয়ন্ড স্কলারশিপ: শেইপিং ফিউচার লিডার্স’ শীর্ষক বিশেষ স্পার্ক সেশন অনুষ্ঠিত হয়।










