সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মসলা পণ্য আদার আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১০০ টনের বেশি আদা আমদানি বেড়েছে। দেশীয় বাজারে চাহিদা থাকায় আমদানি ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
আমদানি বাড়লে পণ্যটির দাম না কমার অভিযোগ জানিয়েছেন সাতক্ষীরা জেলা সদরের বড় বাজারের মসলা ব্যবসায়ী ও আড়তদার। ভোমরা স্থলবন্দরের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ১ হাজার ৬৯৩ টন, যার আমদানি মুল্য ১৮ কোটি ৬৬ লাখ টাকা।
সূত্রে আরো জানায়, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে ১ হাজার ৫৭৮ টন আদা আমদানি হয়েছে। যার মূল্য ছিল ১৪ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের গেল তিন মাসে আদার আমদানি বেড়েছে ১১৫ টন।
ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘অন্যান্য মসলার পাশাপাশি বছরের উল্লেখযোগ্য পরিমাণে আমদানি করা হয় আদা। তবে গত অর্থবছরের এ সময়ের তুলনায় চলতি বছর আমদানি কিছুটা বেড়েছে।’
সুলতানপুর বড়বাজারের মসলা আড়ত মেসার্স আবির ভাণ্ডারের স্বত্বাধিকারী আব্দুল আজিজ জানান, পণ্যটির চাহিদার পাশাপাশি সরবরাহের কমতি নেই। তবে গেল এক থেকে দেড় মাসের মধ্যে আদার দাম স্থিতিশীল রয়েছে।










