ইলেকট্রিক ভেহিকল (ইভি) কেনার ক্ষেত্রে গ্রাহকদের অর্থায়ন সুবিধা সহজ করতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের (এআরইএএল) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় ইভি ক্রেতারা ব্যাংকটিতে বিশেষ অটো ফাইন্যান্সিং সুবিধার পাশাপাশি দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ ও মূল্যছাড় পাবেন। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন এবং এআরইএএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ জয়নুল আবেদিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

চুক্তির আওতায় এআরইএএল থেকে সরাসরি ইভি কেনার ক্ষেত্রে গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংকের বিশেষ অটো ফাইন্যান্সিং সুবিধা পাবেন। ব্যাংকের প্রচলিত নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান সাপেক্ষে এসব সুবিধার মধ্যে থাকবে বিশেষ সুদের হার ও স্বল্পঋণ প্রক্রিয়াকরণ ফি। এছাড়া যোগ্য ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডধারী, প্রায়োরিটি ক্লায়েন্ট এবং কর্মীরা এআরইএএলের আউটলেট থেকে নতুন বা রিকন্ডিশন্ড গাড়ি কেনায় বিশেষ মূল্যছাড় পাবেন।

ইভি ক্রেতাদের জন্য দ্রুত ঋণ প্রক্রিয়াকরণের ব্যবস্থাও থাকবে এ অংশীদারত্বে। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেয়ার পর তিন কার্যদিবসের মধ্যে ঋণ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ সহায়তা দেবে মিডল্যান্ড ব্যাংক। এআরইএএলের মাধ্যমে রেফার করা গ্রাহকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়া করা হবে। পুরো অর্থায়ন প্রক্রিয়া সমন্বয়ের জন্য একজন নির্ধারিত রিলেশনশিপ ম্যানেজার দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রডাক্ট গ্যালারিতে ফাইন্যান্সিং প্রি-স্ক্রিনিং ও কিউআর কোডভিত্তিক আবেদন সুবিধার মতো ডিজিটাল উদ্যোগও চালু করা হবে। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে প্রচারণা ও গ্রাহক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এসব কার্যক্রমে ইভি ব্যবহারের সুবিধা, সহজ অর্থায়ন, ব্যয় সাশ্রয়, পরিবেশগত সুবিধা ও চার্জিং অবকাঠামো সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়গুলো তুলে ধরা হবে। উল্লেখ্য, এমওইউটি স্বাক্ষরের তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের এসইভিপি ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ জাভেদ তারেক খান; ভিপি, কো-অর্ডিনেটর অব আরডিডি ও হেড অব পাবলিক রিলেশনস মোহাম্মদ রাশাদুল আনোয়ার; ভিপি ও হেড অব ইউনিট ৪ (ইনস্টিটিউশনাল ব্যাংকিং) শাহেদ মাহমুদ রেজা এবং এফএভিপি ও রিলেশনশিপ ম্যানেজার-ইউনিট ৪ (ইনস্টিটিউশনাল ব্যাংকিং) মোহাম্মদ আসিফ হোসেন।

এছাড়া আকিজ ভেঞ্চার গ্রুপের পক্ষে ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এজিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) অমিত সাহা; এআরইএএলের সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড) রাকিবুল আহসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড) তাশফিন আহমেদ এবং আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশনস) মো. ইউসুফ সাজিদ।