নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতিদরিদ্রদের জন্য মোট ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়ন করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটির চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে গতকাল পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ব্যাংক-অর্থায়িত কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে এ অর্থায়ন করা হবে। এর মাধ্যমে স্বল্পআয়ের জনগোষ্ঠীর দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে ৫০০ কোটি টাকার সরকারি বরাদ্দের ভিত্তিতে পিকেএসএফ একটি বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম গ্রহণ করেছে। এর আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য ‘সৌরশক্তি’ নামে বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করা হয়। এছাড়া পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর অনুকূলে ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।