ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের ‘স্ট্র্যাটেজিক কনক্লেভ’ অনুষ্ঠিত হয়েছে। এতে সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবসায়িক কৌশল পর্যালোচনার পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নে গুরত্বারোপ করা হয়। সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে হাইব্রিড মডেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান। ডাচ্-বাংলা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান বলেন, ‘গ্রাহকদের জন্য “বেস্ট সলিউশন পার্টনার” তথা “বিশ্বস্ত সহযোগী” হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল নিয়েছে।’ গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং আর্থিক অবস্থান আরো শক্তিশালী করতে সবাইকে আরো কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান।
সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা তাদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরো উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা-উপশাখার কর্মকর্তা; রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনের মাধ্যমে অংশ নেন।










