রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও অগ্রণী ব্যাংক পিএলসির পর্ষদে দুজন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে বিডিবিএলের পরিচালক হিসেবে মো. আব্দুল মজিদ ও অগ্রণী ব্যাংকের পরিচালক হিসেবে কবিরুল ইজদানী খানকে নিয়োগ দেয়া হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) তাদের নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিছ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বিডিবিএলের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে মো. আব্দুল মজিদকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি বিডিবিএলের পর্ষদে পরিচালক হিসেবে মো. আব্দুল মজিদের যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আরেক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে কবিরুল ইজদানী খানকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি অগ্রণী ব্যাংকের পর্ষদে পরিচালক হিসেবে কবিরুল ইজদানী খানের যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করা হয়েছে। সাবেক অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান বর্তমানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন।