গ্রাহকদের দৈনন্দিন সুবিধা দিতে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক। জামানত ভিত্তিক ও জামানত বিহীন দুভাবেই পাওয়া যাবে এই ক্রেডিট কার্ড। এটি দেশী ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা দেবে। চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।

গতকাল ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করা হয়। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের দক্ষিণ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরি অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুর ও সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর কার্ডটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, কাজী আজিজুর রহমান, মাহিয়া জুনেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. অরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রাহকরা এই কার্ড চালুর প্রথম তিন মাসে নির্দিষ্ট খরচে ৫ শতাংশ নগদ ফেরত বা সর্বোচ্চ ১০ হাজার টাকা পাবেন। অথবা গ্রাহকরা চাইলে ৫ হাজার টাকা মূল্যের ভ্রমণ লাগেজ ভাউচার নিতে পারবেন।

ভ্রমণের ক্ষেত্রে গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সর্বোচ্চ দুজন সঙ্গীসহ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এছাড়া বিশ্বজুড়ে নির্ধারিত বিমানবন্দরে বছরে ১২ বার বিনামূল্যে লাউঞ্জ ব্যবহারের সুবিধা থাকবে।

কার্ডধারীদের আন্তর্জাতিক এটিএম লেনদেনে কোনো টাকা তোলার কোনো ফি দিতে হবে না। এর পাশাপাশি বিমানবন্দরে বিনামূল্যে বিশেষ সেবা, ফ্লাইট টিকিট ও হোটেল বুকিংয়ে সাশ্রয় এবং গো-জায়ানের মাধ্যমে টিকিট কিনলে বিশেষ ভ্রমণ বিমা সুবিধা পাওয়া যাবে।

কার্ড সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ ডলার খরচে ৩টি রিওয়ার্ড পয়েন্ট পাবেন, যা দিয়ে উপহার ভাউচার কেনা বা বার্ষিক ফি মওকুফ করা যাবে। সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন আন্তর্জাতিক হোটেলে একটি কিনলে একটি বিনামূল্যে বুফে খাবার সুবিধা পাওয়া যাবে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে উন্নত আর্থিক সেবা দেয়ার ধারাবাহিকতায় নতুন এই কার্ড আনা হয়েছে। এটি আন্তর্জাতিক কেনাকাটা ও ভ্রমণের ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে।

গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড পার্টনার সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্তা বলেন, আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক সেবার অভিজ্ঞতা ও বিশেষ সুবিধা নিয়ে এই কার্ড চালু করতে পেরে তারা আনন্দিত।— সংবাদ বিজ্ঞপ্তি