দেশের বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরিতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে গতকাল ‘সিজিএস বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা ওয়াসিফ সালাম এবং চিটাগং গ্র্যামার স্কুলের (সিজিএস আপার) অধ্যক্ষ রুহবাইনা মাহমুদ চৌধুরী। এছাড়া আদিয়াত মাহফুজ, সাফওয়ান সাজিদসহ অন্য আয়োজকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রামসহ সারা দেশের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সিজিএস বিজনেস সামিটে তিন দিনব্যাপী ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের থিম ‘ডিজাইন ইওর ফিউচার’। এতে টেকসইতা, উদ্যোক্তা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ১২ জনের বেশি মেন্টর, আটটি অভিজ্ঞতাভিত্তিক কর্মশালা এবং বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবসায়িক খাতে নিজেদের ধারণা তৈরি ও উপস্থাপনের পাশাপাশি বাস্তব ব্যবসায়িক জ্ঞান ও পরামর্শ লাভের সুযোগ পাবেন। প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। এতে মোট ১ লাখ টাকা পুরস্কার রাখা হয়েছে।