বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘ইসলামী ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। এ ব্যাংককে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেয়া যাবে না। এ ব্যাংকের ওপর মানুষের আস্থা রয়েছে। তাই অল্প সময়ের মধ্যেই ইসলামী ব্যাংক ঘুরে দাড়িঁয়েছে এবং এগিয়ে যাচ্ছে। এ ব্যাংক আর পেছনে ফিরে তাকাবে না।’

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা উদ্বোধন করতে গিয়ে গভর্নর এসব কথা বলেন। আজ শনিবার (২৮ ডিসেম্বর) ব্যাংকটির টাঙ্গাইলের ঘাটাইল শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ‘দেশের জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত। ৪০০তম শাখা উদ্বোধন এ ব্যাংকের একটি বড় অর্জন। ব্যাংক খাত নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা দূর হতে শুরু করেছে। এ খাতে যে ধ্বস নেমেছিল সেখান থেকে ফিরিয়ে আনতে কাজ চলছে।’

গভর্নর বলেন, ‘গত পাঁচ মাস আগে ইসলামী ব্যাংকের যে অবস্থান ছিল তা থেকে অনেক ভালো অবস্থানে চলে এসেছে। এরই মধ্যে এ ব্যাংক ৭ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। রেমিট্যান্স আহরণেও ইসলামী ব্যাংক শীর্ষ স্থানে রয়েছে।

ইসলামী ব্যাংক আরো দশ গুণ বড় হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে গভর্নর বলেন, ‘ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালে একটি আন্তর্জাতিক ব্যাংক ছিল। বিদেশী বিনিয়োগকারীরা এ ব্যাংকে বিনিয়োগ করেছিলেন। আমরা চেষ্টা করছি বিদেশী বিনিয়োগকারীদেরকে পুনরায় এ ব্যাংকে ফিরিয়ে আনতে। ইসলামী ব্যাংক আবারো একটি আন্তর্জাতিক ব্যাংকে পরিণত হবে। এ ব্যাংক আরো দশ গুণ বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে ব্যাংকটির শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মাদ আবদুস সামাদ কল্যাণমুখী ব্যাংকিং বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান অনুষ্ঠানে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান। এ সময় ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক চেয়ারম্যান ওবায়েদ উল্ল্যাহ আল মাসুদ তার বক্তব্যে বলেন, ৪০০ শাখা, ২৬৫ উপশাখা, ২ হাজার ৮০০ এজেন্ট আউটলেট ও ৩ হাজারের বেশি এটিএম/সিআরএমের মাধ্যমে দেশজুড়ে ইসলামী ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কই প্রমাণ করে এ ব্যাংকের জনপ্রিয়তা। এ ব্যাংকের কর্মীরা অত্যন্ত সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একই ছাদের নীচে এত সৎ ও যোগ্য মানুষ কোথাও নেই।

তিনি বলেন, দেশের ৩৪ হাজার গ্রামে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। আমরা এ সেবা দেশের ৬৮ হাজার গ্রামেই ছড়িয়ে দিতে চাই। ইসলামী ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিং সেবা গ্রহণের জন্য উপস্থিত গ্রাহকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন টাঙ্গাইল সাবালিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হোসনী মোবারক বাবুল, ব্যাংকের ব্রাহ্মণ শাসন বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. রাসেল মিয়া এবং ব্যবসায়ী ও শিক্ষাবিদ মো. রফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তা, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।