মধ্যপ্রাচ্যের প্রধান দুটি অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্রে ইরানি হামলার পর বিশ্ববাজারে ধাতুটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গতকাল লন্ডনের মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্স।

গত শনিবার পারস্য উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম দুই উৎপাদক প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ) এবং অ্যালুমিনিয়াম বাহরাইন (আলবা) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এর ফলে কারখানা দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলবা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কারখানায় হামলায় দুজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

বিশ্বের মোট অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৯ শতাংশ আসে এই অঞ্চল থেকে। লোহা বা ইস্পাত শিল্পের জন্য এটি একটি বড় ধাক্কা। বাজার বিশ্লেষকদের মতে, প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম বর্তমানে ৩ হাজার ৪৯২ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় এই পণ্যটি বিশ্ববাজারে পাঠাতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন উৎপাদনকারীরা। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।