উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোয় হোটেল কক্ষের সংখ্যা আগামী চার বছরে প্রায় ২৫ শতাংশ বাড়তে পারে। ২০৩০ সালের মধ্যে এ অঞ্চলে প্রায় ১ লাখ ২৬ হাজার নতুন হোটেল কক্ষ যুক্ত হওয়ার কথা রয়েছে। এতে মোট কক্ষের সংখ্যা বেড়ে প্রায় ৬ লাখ ১৬ হাজারে দাঁড়াবে। পরামর্শক প্রতিষ্ঠান ক্যাভেন্ডিশ ম্যাক্সওয়েলের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
ফিউচার হসপিটালিটি সামিট ওয়ার্ল্ডে এ তথ্য প্রকাশ করা হয় গত মঙ্গলবার। বর্তমানে জিসিসি-ভুক্ত দেশগুলোয় প্রায় ৪ লাখ ৯০ হাজার হোটেল কক্ষ চালু রয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হোটেলগুলোর হিস্যা প্রায় ৪৩ শতাংশ।
পর্যটন ও আতিথেয়তা খাতে একটি দেশের মূল সক্ষমতা হোটেল সংখ্যা দিয়ে নয়, বরং মোট হোটেল রুমের সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়। ছোট-বড় সব হোটেলকে একটি একক প্রতিষ্ঠান হিসেবে গণনা করা হলেও কতজন পর্যটক আবাসন সুবিধা পাবেন ও খাতটি থেকে মোট কত রাজস্ব ও কর্মসংস্থান তৈরি হবে, তা নির্ভর করে কক্ষ বা রুমের ওপর।
জিসিসিতে নতুন হোটেল কক্ষ যুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে সৌদি আরব। দেশটিতে প্রায় ৯৪ হাজার ৫০০ নতুন কক্ষ যুক্ত হওয়ার কথা রয়েছে। এতে ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে মোট হোটেল কক্ষের সংখ্যা প্রায় ২ লাখ ৭৫ হাজার ৩০০-তে পৌঁছতে পারে।
ক্যাভেন্ডিশ ম্যাক্সওয়েলের বাণিজ্যিক মূল্যায়ন বিভাগের পরিচালক বিধি শাহ বলেন, ‘সৌদি আরবের অভ্যন্তরীণ পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রম বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) হোটেল ব্যবসায় চাহিদা ধরে রাখতে সহায়তা করছে।’
ইউএইতেও নতুন হোটেল প্রকল্প বাড়ছে। দেশটিতে ২০৩০ সালের মধ্যে ২৩ হাজারের বেশি নতুন কক্ষ যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। বড় পর্যটন ও ব্যবসায়িক গন্তব্যগুলোয় আবাসন সক্ষমতা বাড়াতেই এসব প্রকল্প নেয়া হচ্ছে।










