ব্যক্তিগত ও অবাণিজ্যিক ব্যবহারের জন্য নতুন টু-হুইলার কেনায় গ্রাহকদের অর্থায়ন সুবিধা দিতে টু-হুইলার লোন সেবা চালু করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ সুবিধার আওতায় নতুন জ্বালানিচালিত ও বৈদ্যুতিক টু-হুইলার কেনার জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকরা। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এএনএম মাহফুজ। এ সময় ব্যাংকের হেড অব অ্যাসেট, রিটেইল ব্যাংকিং জাহেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়ার তথ্যানুযায়ী, চাকরিজীবী, স্বনির্ভর পেশাজীবী, ব্যবসায়ীসহ নিয়মিত ও গ্রহণযোগ্য আয়ের গ্রাহকরা এ ঋণ সুবিধা পাবেন। প্রতিযোগিতামূলক সুদহারে ঋণের পরিমাণ হবে সর্বনিম্ন ৫০ হাজার এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা, যা টু-হুইলারের মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ চার বছর মেয়াদে মাসিক সমান কিস্তিতে (ইএমআই) ঋণ পরিশোধ করা যাবে।
এছাড়া ঋণ আবেদনকারীর বয়স ন্যূনতম ২২ বছর হতে হবে। ঋণের মেয়াদ শেষে বয়স সর্বোচ্চ ৬৫ বছর হতে পারবে।
ব্যাংক এশিয়া জানায়, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে রিটেইল ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এ ঋণসেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে দৈনন্দিন যাতায়াতের প্রয়োজন মেটাতে টু-হুইলার কেনায় সহজ অর্থায়ন সুবিধা পাবেন গ্রাহকরা।










