এআই প্রযুক্তির পণ্যের বাড়তি চাহিদায় সেপ্টেম্বরে সিঙ্গাপুরের কারখানা কার্যক্রমের গতি আরো বেড়েছে। এ নিয়ে টানা ১৪ মাস ধরে উৎপাদন খাতে প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশটি। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করছে।
সিঙ্গাপুরের উৎপাদন খাতের সামগ্রিক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বরে ৫১ দশমিক ৭ পয়েন্টে উঠেছে। আগস্টে এ সূচক ছিল ৫১ দশমিক ৫ পয়েন্ট। সেপ্টেম্বরে পিএমআই ২০১৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। উল্লেখ্য, পিএমআই ৫০ পয়েন্টের বেশি হলে উৎপাদন খাতে প্রবৃদ্ধি বোঝায়। ৫০-এর নিচে হলে সংকোচন নির্দেশ করে। সিঙ্গাপুরের মোট উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে ইলেকট্রনিকস খাত থেকে। অর্থনীতিবিদ চুয়া হান তেং জানান, বিশ্বজুড়ে এআই-সংশ্লিষ্ট পণ্যের চাহিদা ইলেকট্রনিকস খাতের প্রবৃদ্ধিকে আরো গতি দিয়েছে। খবর দ্য স্ট্রেটস টাইমস










