আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান। এছাড়া ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। সম্প্রতি এআইইউবির ট্রাস্টি বোর্ডের ২০২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাসানুল এ হাসান কেমলুব লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ম্যাক লুব্রিক্যান্টসের একমাত্র পরিবেশক। এছাড়া তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের (এডিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যানও।

অন্যদিকে ইশতিয়াক আবেদীন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল। পাশাপাশি ইশতিয়াক আবেদীন আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।