ক্রমবর্ধমান জ্বালানির মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ যুক্তরাজ্যের জনসাধারণ। এ থেকে জনসাধারণকে রক্ষা করতে একটি পরিকল্পনা উন্মোচন করলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। পরিকল্পনা অনুযায়ী জ্বালানি মূল্য কমাতে এ খাতে প্রণোদনা প্যাকেজ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী অক্টোবরে দেশটির বার্ষিক পারিবারিক গ্যাস এবং বিদ্যুৎ বিল ১ হাজার ৯৭১ থেকে ৩ হাজার ৫৪৯ পাউন্ডে পৌঁছবে। তবে প্রণোদনা দেয়ার পর বছরে যুক্তরাজ্যের পারিবারিক জ্বালানি বিল ২ হাজার ৫০০ পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশটির ফার্মগুলো জ্বালানির উচ্চমূল্য থেকেও কিছুটা মুক্তি পাবে।
তবে এ প্রণোদনা দেয়ার জন্য নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সরকারকে অন্তত ১০ হাজার কোটি পাউন্ড ঋণ করতে হবে। যদিও এ প্রণোদনা কতদিন স্থায়ী হবে সে বিষয়টি স্পষ্ট করেনি দেশটির সরকার।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের পর রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ কারণে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সে কারণে দেশটিতে ঊর্ধ্বমুখী রয়েছে জ্বালানি বিল।
জ্বালানির মূল্যবৃদ্ধিতে প্রণোদনা দেয়ার পরিকল্পনা ঘোষণার আগে প্রধানমন্ত্রী লিজ ট্রাস জানান, আগামী শরৎ ও শীতকালে দেশটির জনগণ ও ফার্মগুলো কীভাবে এ সময়টাকে সামাল দেবে তা নিয়ে তারা চিন্তিত রয়েছেন।
ইউক্রেনে রুশ আক্রমণ এবং ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি পেয়েছে। এটি থেকে রক্ষা পেতে অবশ্যই দীর্ঘমেয়াদে জ্বালানি সুরক্ষা এবং সরবরাহ বাড়তে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সমস্যা মোকাবেলা করা এবং এ থেকে নিজেদের অবস্থান উত্তরণেও প্রতিশ্রুতি দেন লিজ ট্রাস।
এদিকে শ্রমিক নেতা স্যার কির স্টারমার বলেন, জ্বালানি বিল কমানোর প্রণোদনা প্যাকেজের অর্থ প্রদানের জন্য গ্যাস ও জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের মুনাফার ওপর সরকারের কর বাড়ানো উচিত। জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আগামী দুই বছরে ১৭ হাজার কোটি পাউন্ড অতিরিক্ত মুনাফা করবে বলেও জানান তিনি।









