চীনের ইউনান প্রদেশে ‘লস্ট হরাইজন’ উপন্যাসের স্মৃতি ধারণ করা শহর শাংগ্রি-লার সঙ্গে যোগাযোগ আরো সহজ করে তুলেছে উচ্চ গতির ট্রেন যোগাযোগ। ডিকিং তিব্বতের একটি স্বায়ত্তশাসিত শহর শাংগ্রি-লা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৩০০ মিটার ওপরে এর অবস্থান। শহরটি একসময় ঝোংডিয়ান নামে পরিচিত ছিল। পরে ২০০১ সালে নাম পরিবর্তন করে শাংগ্রি-লা হয়। শাংগ্রি-লা নামটি এসেছিল ১৯৩৩ সালে ইংরেজ লেখক জেমস হিলটনের বই ‘লস্ট হরিজন’-এ বর্ণিত একটি কল্পিত স্থান থেকে। বইয়ের কল্পিত শাংগ্রি-লা ছিল সংস্কৃতিতে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চল। বইটি ছিল ওই সময়ের অন্যতম বেস্টসেলার। ঝোংডিয়ান তিব্বতি বৌদ্ধ মন্দিরের বৈচিত্র্যপূর্ণ নিদর্শনে সাজানো ও তুষারময় পর্বত বেষ্টিত। তাই স্থানীয় সরকার পর্যটকদের আকৃষ্ট করার জন্য নাম পরিবর্তন করে শাংগ্রি-লা করার সিদ্ধান্ত নেয়। আগে পর্যটকদের মোটরচালিত গাড়ির মাধ্যমে পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। লিজিয়াং থেকে ভ্রমণ শুরু করে শাংগ্রি-লার কাছাকাছি আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যেত। লিজিয়াং থেকে শাংগ্রি-লা পর্যন্ত ১৪০ কিলোমিটার রেলপথ প্রস্তুত করতে সময় লেগেছে নয় বছর। এখন লিজিয়াং থেকে শাংগ্রি-লা ভ্রমণে সময় লাগে ১ ঘণ্টার চেয়ে সামান্য বেশি এবং ট্রেনের টিকিটের দাম ৬-৭ ডলারের মাঝে। এ ভ্রমণে ৭০ শতাংশের বেশি পথ টানেল ও সেতুর ওপর পার করতে হয়। সময়ে সময়ে ট্রেন থেকে দেখা মেলে তুষারময় পর্বতচূড়া। 

খবর নিক্কেই এশিয়া