বিওয়াইডি ব্র্যান্ডের ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি কিনতে গ্রাহকদের সহজ ও আকর্ষণীয় ঋণ সুবিধা দিতে বিওয়াইডি বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় গ্রাহকরা সাশ্রয়ী, প্রতিযোগিতামূলক ও দ্রুত ঋণ সুবিধা পাবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান এবং ওয়ান ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদ উল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ওয়ান ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের এ যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য দেশীয় বাজারে পরিবেশবান্ধব যানবাহনের সহজলভ্যতা বাড়ানোর পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে বিওয়াইডির ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের অর্থায়ন প্রক্রিয়া আরো সহজ হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফেরদৌসুর রহমান ও বিজনেস ডেভেলপমেন্ট প্রধান মিঠুন ভট্টাচার্য। অন্যদিকে ওয়ান ব্যাংকের পক্ষে আরো ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর প্রধান কাজী জিয়াউল ইসলাম এবং ডিএমডি ও ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রধান ইফতেখার আহমেদ জাফর।

উল্লেখ্য, নিউ এনার্জি ভেহিকল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিওয়াইডি ২০২৪ সালে অনুমোদিত পরিবেশকের মাধ্যমে বাংলাদেশের অটোমোবাইল বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ইলেকট্রিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির পাশাপাশি আধুনিক শোরুম ও বিক্রয়োত্তর সেবা কেন্দ্র পরিচালনা করছে। উদ্ভাবনী প্রযুক্তি, জ্বালানি-দক্ষ পরিবহন ও টেকসই যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে দেশে ইলেকট্রিক ভেহিকল ইকোসিস্টেমের বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি।