সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গণপরিবহন ব্যবস্থার সার্বিক আধুনিকায়ন ও মানোন্নয়নে বড় অংকের নতুন বিনিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। শহরের বাস ও সামগ্রিক পরিবহন সেবাকে আরো গতিশীল, নিরাপদ ও প্রযুক্তিবান্ধব করতে ৮ কোটি ২০ লাখ ডলার বা ৩০ কোটি দিরহামেরও বেশি অর্থ খরচ করবে দেশটির পরিবহন কর্তৃপক্ষ।

আবুধাবির পৌরসভা ও পরিবহন বিভাগের সহযোগী প্রতিষ্ঠান আবুধাবি মবিলিটি আন্তর্জাতিক প্রদর্শনী চলাকালে সম্প্রতি নতুন প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

বিশালাকার প্রকল্পটির অধীনে সমগ্র আবুধাবির গণপরিবহন নেটওয়ার্কে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা এবং অত্যাধুনিক যানবাহন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে। ফলে সাধারণ যাত্রীরা এখন থেকে আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এতদিন নির্দিষ্ট ভ্রমণ কার্ডের ওপর নির্ভর করতে হলেও নতুন ব্যবস্থায় যেকোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, বিভিন্ন মোবাইল ডিজিটাল ওয়ালেট ও অ্যাপসের কিউআর কোড স্ক্যান করে সহজেই বাসের ভাড়া পরিশোধ করা যাবে। এটি পেমেন্ট প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি যাত্রীদের সামগ্রিক ভ্রমণের অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে বদলে দেবে বলে মনে করছেন শহরটির পরিবহন খাতসংশ্লিষ্টরা।

আবুধাবি মবিলিটি জানায়, প্রকল্পটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক সরাসরি ডেটা ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে বাসের বর্তমান অবস্থান, ভ্রমণের সময় ও রুটের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে বাসগুলো নির্দিষ্ট সময়সূচি নিখুঁতভাবে মেনে চলতে পারবে ও পরিবহন বহরের সার্বিক পরিচালনা ক্ষমতা বহুগুণ বাড়বে।

মেগা প্রযুক্তিটির বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার চুক্তি পেয়েছে ফরাসি প্রতিষ্ঠান কনডুয়েন্ট বিজনেস সলিউশনস। স্মার্ট মবিলিটি ও ইলেকট্রনিক টিকিট প্রযুক্তিতে কোম্পানিটির ৫০ বছরের বেশি সময়ের বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে বিশ্বের ২০টির বেশি উন্নত দেশের প্রায় ৪০০টির বেশি গণপরিবহন নেটওয়ার্কে এ প্রযুক্তি পরিচালিত হচ্ছে। —খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস