ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যে আটকে থাকা সরবরাহ আবার বাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশায় আজ টানা দ্বিতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স।

আজ প্রারম্ভিক লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৮৯ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় ১০৭ ডলার ৯৮ সেন্ট। আগের সেশনে দাম কমেছিল ৪ শতাংশ। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিএ) দাম ১ ডলার ৮৩ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ কমে ১০০ ডলার ৪৪ সেন্টে নেমে আসে, যা আগের দিন ৩ দশমিক ৯ শতাংশ কমে বন্ধ হয়েছিল।

ট্রাম্প গতকাল হঠাৎ করেই জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ নিরাপদে পারাপারে সামরিক সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হচ্ছে। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমন্বিত চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে, যদিও চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি। তেহরান থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গবেষণা প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) জ্বালানি তেলবিষয়ক জ্যেষ্ঠ গবেষক আন ফাম বলেন, ‘এটি উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নির্দেশ করে এবং উপসাগরে আটকে থাকা জাহাজগুলো মুক্ত হওয়ার আশাবাদ তৈরি করছে, যা ধীরে ধীরে বাজারে সরবরাহ ফিরিয়ে আনতে পারে।’

তবে তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় দাম এখনো উচ্চ পর্যায়েই রয়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিএ দুই সূচকই ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে। এমনকি চুক্তি হলেও স্বাভাবিক বাণিজ্য প্রবাহ পুরোপুরি পুনরুদ্ধারে সময় লাগবে।