চীনে ভবিষ্যত বিনিয়োগ কমাতে বা স্থগিত করতে চায় সাংহাইতে পরিচালিত জাপানি কোম্পানিগুলোর ১৪ শতাংশ। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সাংহাই জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ক্লাবের করা একটি সমীক্ষার ফলাফলে এ তথ্য উঠে আসে। গত ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত ক্লাবের ১২৯টি সদস্য সংস্থার মধ্যে সমীক্ষাটি চালানো হয়েছিল। খবর নিক্কেই এশিয়া।

সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ৯ শতাংশ জানিয়েছে, তারা চীনে বিনিয়োগ কমিয়ে দেবে এবং ৫ শতাংশ জানিয়েছে, তারা বিনিয়োগ স্থগিত করবে। এছাড়া ‘এখনো জানে না’ বলে জানিয়েছে ৩৯ শতাংশ অংশগ্রহণকারী। অন্যদিকে মাত্র ১ শতাংশ বলছে, তারা বিনিয়োগ বাড়াবেন।

লকডাউনে কারখানায় উৎপাদন বন্ধ রাখতে এবং ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছিলেন প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৮৮ শতাংশ পূর্বাভাস দিয়েছে, লকডাউনের ফলে এ বছর তাদের বিক্রি কমবে। ২৯ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের বিক্রি ২০ শতাংশের ওপর কমে যাবে।

কভিডের বিস্তার রোধে 'জিরো-করোনা নীতি' গ্রহণ করে চীন। এই নীতি বাস্তবায়নে দুই মাসব্যাপী কঠোর লকডাউনের মধ্যে পড়ে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক শহর সাংহাই। ফলে বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয় শহরটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো।  এ ধাক্কা সামলাতে 'চায়না প্লাস ওয়ান' কৌশল গ্রহণ করেন জাপানি ব্যবসায়ীরা। এই কৌশলের মাধ্যমে চীনের ক্রমবর্ধমান শ্রম খরচের সমাধান হিসাবে চীনের বাইরে উৎপাদন ব্যবস্থা স্থাপন করার পরিকল্পনা করেছেন প্রস্তুতকারকরা।