মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আশপাশের অঞ্চল নিয়ে গঠিত গোষ্ঠী মেনা। চলতি বছরের ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুবাইয়ে মেনা অ্যাট্রাকশনস অ্যান্ড ডেস্টিনেশনস ফোরাম ২০২২ অনুষ্ঠিত হবে। কভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে উঠে ওই অঞ্চলের গন্তব্য ও পর্যটন কেন্দ্র আবারো খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। এমিরেটস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, এবারের ফোরামে পর্যটন বাড়াতে নতুন কৌশল ও পরিকল্পনাই হবে আলোচ্য বিষয়বস্তু।

মেনা অ্যাট্রাকশনস অ্যান্ড ডেস্টিনেশনস ফোরাম ২০২২ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবে প্রধান প্রধান খাতের তিন শতাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক স্টেকহোল্ডার। বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থান ও উপাসনালয় থাকায় এবং অবসর কাটানোর জন্য পর্যটকদের কাছে বরাবরই পছন্দের গন্তব্যস্থল মেনা অঞ্চল। প্রতি বছর পাঁচ কোটি পর্যটক ছুটি কাটাতে এ অঞ্চলে আসেন। তবে পর্যটন খাত প্রবৃদ্ধির ক্ষেত্রে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে জনসংখ্যা, অবকাঠামো, আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন এবং প্রযুক্তিগত উন্নয়ন। গন্তব্য উন্নয়ন ও রিব্র্যান্ডিংয়ের বিষয়টিও ফোরামের আলোচনায় উঠে আসবে।

এ বিষয়ে এভিপি ট্যুরিজম সাইটস অ্যান্ড ডেস্টিনেশন ডেভেলপমেন্ট লিডারের মুখপাত্র ওসামা খলাউয়ি বলেন, গন্তব্যের উন্নয়ন বলতে অঞ্চলের পরিকল্পনা বোঝায়। পর্যটকদের আকর্ষণ করার উদ্দেশ্য নিয়েই এ পরিকল্পনা তৈরি হবে।

সৌদি আরবের কিদ্দিয়া প্রকল্প উন্নয়নের পরিচালক রিচার্ড ক্রেন্ট জানান, গন্তব্য উন্নয়নের জন্য প্রয়োজন সৃজনশীল শৈল্পিকতা।

ফোরামে অংশগ্রহণকারীরা মেনা অঞ্চলের জাদুঘর ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি থিম পার্ক ও ওয়াটার পার্কে উদ্ভাবন পরিকল্পনাও উপস্থাপন করা হবে। ক্রীড়া ও থিম পার্কের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরা হবে।

এদিকে দুই দিনব্যাপী ফোরামটিতে বক্তব্য রাখবেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন, পর্যটন মন্ত্রণালয়, বিনোদন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানটিতে বক্তব্য রাখবেন।