আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। সম্প্রতি ব্যাংক পর্ষদের ৯৮৬তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে এ পদে পুনর্নির্বাচিত করা হয়। আইএফআইসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর স্বতন্ত্র পরিচালক হিসেবে পর্ষদে যোগ দেন মেহমুদ হোসেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর তিনি চেয়ারম্যান হন।
মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ১৯৮৪ সালে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন।
ব্যাংকিং ও আর্থিক খাতে মেহমুদ হোসেনের চার দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্যাংক এশিয়া (২০১১-২০১৬) ও এনআরবি ব্যাংকসহ (২০১৬-২০২০) একাধিক বাণিজ্যিক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এক যুগেরও বেশি সময় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে ন্যাশনাল ব্যাংকের এমডি হিসেবেও কাজ করেন। এছাড়া তিনি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং লংকাবাংলা ফাইন্যান্স, লংকাবাংলা সিকিউরিটিজ ও লংকাবাংলা ইনভেস্টমেন্টের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেহমুদ হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) একজন সক্রিয় সদস্য। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি ও ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের আজীবন সদস্যও।
আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে ব্যাংক খাতে মেহমুদ হোসেনের চার দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিজ্ঞতা ও সুদৃঢ় নেতৃত্ব এক অনন্য উচ্চতায় পৌঁছাতে ব্যাংকটিকে সাহায্য করবে।










