কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অভূতপূর্ব প্রসারের ফলে তথ্য উৎপাদন ও বিনিময়ে যেমন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তেমনি বাড়ছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি। এ প্রেক্ষাপটে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল ও পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দিতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্টে)-এ ‘ফ্যাক্ট-চেকিং মেথডলজি ইন দ্য এআই ইরা’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল বক্তা ছিলেন ‘দ্য ডিসেন্ট’-এর সম্পাদক কদরুদ্দীন শিশির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। এআই প্রযুক্তির যুগে ফ্যাক্ট-চেকিংয়ের বাস্তব চ্যালেঞ্জ, অনলাইনে ছড়িয়ে পড়া গুজব শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কনটেন্টের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

মূল বক্তা কদরুদ্দীন শিশির দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার নানাবিধ দিক তুলে ধরেন।

তিনি তথ্যের বিভ্রান্তি জনিত তিনটি প্রধান ধারণা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও মালইনফরমেশননের তাত্ত্বিক ও ব্যবহারিক পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে অপতথ্য প্রতিরোধ এবং সত্য তথ্যকে ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার চিহ্নিত করার কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের সুস্পষ্ট ধারণা দেন।

কর্মশালার সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী। স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সামসুল ইসলাম। আরো ছিলেন বিভাগীয় উপদেষ্টা আলমগীর স্বপন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।

অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ ও প্রভাষক ফরহাদ আলমসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক কেয়া বোস।— সংবাদ বিজ্ঞপ্তি